বৃদ্ধাকে হত্যার অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে
কুমিল্লার চান্দিনায় ধান কাটার জন্য হাট থেকে ভাড়া করে আনা শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে ওই শ্রমিকরা।
আজ রোববার (৩ মে) সকালে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমীরণ বেগম (৬৮) ওই গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪ জন শ্রমিক ভাড়া করে আনেন আবদুল বাতেন মোল্লা। তারা বসতঘরের মাঝের কক্ষে থাকতেন। একপাশের কক্ষে সমীরণ বেগম এবং অপর পাশের কক্ষে তার স্বামী ঘুমাতেন। শনিবার একজন শ্রমিক পালিয়ে যাওয়ায় রাতে আরও একজনকে নতুন করে ভাড়া করে আনা হয়েছিল।
নিহতের ছেলে বশির মোল্লা জানান, প্রতিদিন ভোরে মা নামাজ পড়তে ওঠেন এবং শ্রমিকরাও কাজে যায়। কিন্তু রোববার সকালে উঠে দেখা যায় শ্রমিকরা উধাও। পরে মায়ের কক্ষে গিয়ে দেখা যায় তার হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। শ্রমিকদের নাম-পরিচয় তাদের জানা নেই, তবে তারা বাড়ি চাঁদপুর ও ঢাকা জেলায় বলে জানিয়েছিল।
সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার জানান, বাতেন মোল্লা ওই এলাকার বিত্তশালী ব্যক্তি। ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে হত্যার পর শ্রমিকরা ঘর থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে গেছে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। হাট থেকে শ্রমিক আনার ক্ষেত্রে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ছবি রাখা অত্যন্ত জরুরি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা