বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ছেলের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে লিমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ মে) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একই গ্রামের বাসিন্দা গোফফার আলী বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আখিরা নদী পার হয়ে জামদানী গ্রামের নিজ জমি থেকে পাকা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন।
এ সময় নদীর তীরে অবস্থানরত তার ছেলে লিমন মিয়া বাবার চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেন। সাঁতারে তেমন পারদর্শী না হয়েও বাবাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পিতার কাছে পৌঁছানোর আগেই স্রোতের টানে তলিয়ে যান তিনিও।
পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে লিমন মিয়াকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিমন মিয়া এক সন্তানের জনক। স্থানীয়রা আরও জানায়, বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে লিমন মিয়া এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)