গাড়ি নষ্ট এজলাস কক্ষের এসি নষ্ট, ক্ষোভ প্রকাশ বিচারপতির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে এসি নষ্ট, এসি ছাড়াই চলে বিচার কাজ। কোর্টে আসার পথে বিচারপতির গাড়ি নষ্ট হয়ে যায়। পুলিশের গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আসতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। ওপর মহলে জানিয়ে দেন।’
আজ সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রথমেই এ কথা বলেন।
সকালে ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।
এ সময় প্রথমে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না।
এ সময় একপর্যায়ে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।
তখন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তিনি দেখবেন কতটুকু কী করা যায়।
ট্রাইব্যুনাল-২–এর এজলাস কক্ষের এসি (শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র) গতকাল রোববার নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। এ সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার একপর্যায়ে এসি ঠিক হয়। আজও বিচারকাজ চলার সময় ট্রাইব্যুনাল-২-এর এসি নষ্ট হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক