রাতের মধ্যে ৬০ কি.মি বেগে কালবৈশাখীর আভাস, ১১ অঞ্চলে সতর্কতা
রাতের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়। বৈরী আবহাওয়ার কারণে নৌযানসমূহকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক