তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগী তিন দিনের রিমান্ডে
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে তিন দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিকে বিচারক তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ড পাওয়া আসামিরা হলেন—তারিক সিদ্দিকের ড্রাইভার মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।
নথি থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যরা গত বছরের ১২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে রমনা থানাধীন রূপায়ণ টাওয়ারের সামনে মিছিল করে। সরকার বিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করতেছিল। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পলায়নের চেষ্টা করে। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসীবিরোধ আইনে মামলা করে পুলিশ।

আদালত প্রতিবেদক