শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ।
আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সরকারের গৃহীত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টে সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন ড. মাহদী আমিন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু ও সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।
বৈঠকে দেশের শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
মাহদী আমিন বলেন, খালেদা জিয়া সরকারপ্রধানের দায়িত্বে থাকাকালে তাঁর সরকার এই কার্যক্রমের সূচনা করে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহার এবং বিভিন্ন বক্তব্যে বহু বছর ধরে ‘মিড ডে মিল’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মনিটরিং ও সুপারভিশন জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিজস্ব প্রতিবেদক