অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
ময়মনসিংহে গত সতেরো বছর কর্তৃপক্ষের অনিয়মের অনুমোদনে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে। সে সময় যারা নাগরিক স্বার্থকে গুরুত্ব দেননি, তাদের কারণে শহরে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সুউচ্চ ভবনের মানব বর্জ সরাসরি ড্রেনে ফেলার ফলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে।
আজ সোমবার (১১ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার এসব কথা বলেন।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সুমনা আল মজিদ, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, ডেভেলপার কোম্পানি ‘ইউনাইটেড গার্ডেন বিল্ডার্স’র মালিক শাহজাহান সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় প্রশাসক নিজে দুই ভবনের পাশের সরু গলিতে প্রবেশ করে ড্রেন দখলমুক্ত ও সচল করার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
রুকুনোজ্জামান সরকার বলেন, কাউকে কষ্ট দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা নাগরিকদের সেবার মান উন্নয়নে কাজ করছি। এজন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে। জলাবদ্ধতার সময় তিনি নিজে মাঠে নেমে সহকর্মীদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। যেসব ভবনের পার্কিং এলাকায় মার্কেট গড়ে তোলা হয়েছে এবং অনুমোদন নেই, সেগুলো উচ্ছেদ করা হবে।
রুকুনোজ্জামান আরও বলেন, একটি ভবনের পার্কিং এলাকায় ‘মিনা বাজার’ বসানো হয়েছে- এ ধরনের শপিং মল কীভাবে অনুমোদন পায় তা বোধগম্য নয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ