ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার দুই বছর বয়সি নাতনির মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নানি-নাতনির স্বজন সামিউল মুশফিক জানান, সকালে বাড়ির পুকুরপাড় থেকে কাঠ আনতে গেলে ভিমরুলের ঝাক নানি-নাতনিকে আক্রমণ করে। এ সময় নানি সুমুরি খাতুন (৬২) ও তার সঙ্গে থাকা দুই বছর বয়সি নাতনি আদিবা ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানায়, ভিমরুলের কামড়ে আহত নানি-নাতনিকে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে অবস্থা গুরুতর বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে নাতনি আদিবাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর সুমুরি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তারও মৃত্যু হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে প্রথমে নাতনি এবং পরে নানির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ