আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজু পেলেন হুইল চেয়ার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজুকে (২৮) হুইল চেয়ার দিল উপজেলা প্রশাসন। এই হুইল চেয়ার ব্যবহার করে কিছুটা চলাফেরা করতে পারবেন বলে জানান তার অভিভাবকরা।
আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের প্রতিবন্ধী রাজুর বাড়িতে গিয়ে এ হুইল চেয়ার দেওয়া হয়।
উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির তিন সন্তান। তার মধ্যে বড় ছেলে রাজু জন্ম থেকে প্রতিবন্ধী। জন্মের পর থেকেই বিছানায় শোয়া অবস্থায় থাকতেন। সংসারে আর্থিক অনটন থাকায় পরিবারের সদস্যরা তাকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেনি।
রাজুর বাবা জাকির হোসেন বলেন, আজ সকালে স্থানীয় বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করেছি, তার এক ঘণ্টা পর আমার বাসায় ইউএনও স্যার এসে হুইল চেয়ার দিয়েছেন ছেলেকে। আমার ছেলের জন্য হুইল চেয়ারটা হওয়ায় খুব ভালো হয়েছে। এখন হুইল চেয়ারে করে একটু চলাফেরা করতে পারবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘যেহেতু জন্মগত প্রতিবন্ধী, তাই দ্রুত সময়ের মধ্যে তার বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আমি সবাইকে একটি ম্যাসেজ দিতে চাই, উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে চাই।’
হুইল চেয়ার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও রাজুর অভিভাবকরা।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)