কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন ইমি
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর পৌনে ৩টার দিকে তিনি কারামুক্ত হন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, সকালে উচ্চ আদালত থেকে ইমির জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যথাযথ প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন আবেদনের শুনানি শেষে রুল জারি করে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
মামলার বিবরণ অনুযায়ী জানা গেছে, গত ৭ মার্চ রাতে রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেছিলেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইক বেঁধে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী এতে বাধা দেন। ওই ঘটনার জেরে পরদিন পুলিশ ইমিকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নাসির আহমেদ, গাজীপুর