বেশি দামে পণ্য বিক্রি, দুই সুপার শপকে জরিমানা
নীলফামারীতে ভেজাল, মেয়াদোত্তীর্ণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে দুটি সুপার শপকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর শহরের বিভিন্ন এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দীন। এ সময় আম্মাজান সুপার শপ ও সুরুচি সুপার শপে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি দোকান দুটিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য মজুত থাকার অভিযোগও প্রমাণিত হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আম্মাজান সুপার শপকে ২৫ হাজার টাকা এবং সুরুচি সুপার শপকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দীন বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী