নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তানভীর রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফসহ দুজনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
রিমান্ডভুক্ত অন্য আসামি হলেন—মাইক্রোবাস চালক রুবেল মিয়া, যিনি মিছিলের সময় তানভীরের সঙ্গেই ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে ভোরে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সেদিন বিকেলেই তাদের কারাগারে পাঠানো হয়েছিল।

শুভ্র সিনহা রায়