দুদকের মামলা : আবেদ আলীর ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ জুন
আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ জুন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেন। গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।
মামলার এজাহার থেকে জানা গেছে, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ তিন হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আবেদ আলীর বিরুদ্ধে তিন কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
অপর মামলার এজাহার থেকে জানা গেছে, এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও এক কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট তিন কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।
এছাড়া আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে তিন কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আদালত প্রতিবেদক