অর্থনীতিতে বিনিয়োগ প্রবৃদ্ধি পেইনফুল : অর্থমন্ত্রী
কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপের মুখে থাকা অর্থনীতিতে বিনিয়োগ প্রবৃদ্ধির চিত্র এখন পেইনফুল (বেদনাদায়ক) বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামনে ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। একই সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কার হবে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি)’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
‘আমরা পেইনফুল বিনিয়োগের মধ্যে দিয়ে যাচ্ছি’ উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যাংক খাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এটা সবাই জানে। আমরা ব্যাংক খাতের সমস্যা থেকে বের হতে চাই। এগুলো সবই অর্থনীতির একটা অংশ। সবাই মিলেই সমাধান করব। আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি আছে তাতে।
ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাত ও অর্থনীতিতে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধান করতে জেপি মরগ্যান, বিশ্বব্যাংক, আইএফসির সঙ্গে মিলেমিশে এ সরকার কাজ করছে। দেশের ব্যাংক খাতে বড় ধরনের সমস্যা হয়েছে, যা আমি বলতে চাই না।
পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের পদক্ষেপ আসছে জানিয়ে আমির খসরু বলেন, আমরা ক্যাপিটাল মার্কেট রিফর্মে (পুঁজিবাজার সংস্কার) যাচ্ছি, বড় ধরনের সংস্কার হবে। আমরা বিগওয়েতে সিরিয়াস রেগুলেশনে যাচ্ছি।
‘উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিলের এই কোম্পানি বিএনপির নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আমাদের একটি প্রোগ্রাম আছে ক্রিয়েটিভ ইকোনমি। তাতে এক কোটি মানুষের কর্মসংস্থানের জন্য গ্রামীণ অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় ক্রিয়েটিভ ইকোনমির অনেক কাজ করা যাবে।
আমির খসরু বলেন, উদ্যোক্তা তহবিলে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, আমি কথা দিচ্ছি। আর্থিক যে স্বচ্ছতা আমরা আনতে চাচ্ছি, তা এর মাধ্যমে প্রকাশ পাবে।
উল্লেখ্য, ৪২৫ কোটি টাকার তহবিল নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি) চলতি বছর শেষে তা ৭০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বিএসআইসি গঠনে নেতৃত্ব দেয় বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বিএসআইসির পরিচালনা পর্ষদে সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন। এবিবি চেয়ারম্যান ও বেসরকারি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বিএসআইসির প্রথম চেয়ারম্যান হয়েছেন।
পর্ষদের অন্য চার সদস্য হচ্ছেন মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ। প্রতিবছর শেয়ারধারক ৩৯টি ব্যাংক তাদের নিট মুনাফার এক শতাংশ হারে মূলধন বাড়াবে।

নিজস্ব প্রতিবেদক