বালুর স্তূপের নিচে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে রিনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে ইউনিয়নের ছোসনা গ্রামের একটি বাড়ির বালুর স্তূপের নিচ থেকে চাপা অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
নিহত রিনা বেগম ওই এলাকার প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তান নিয়ে ওই গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাশেই নিজেদের নতুন বাড়ি নির্মাণের কাজ তদারকি করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রিনা বেগম তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নতুন বাড়ির একটি কক্ষে বালুর স্তূপের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে রাজু অভিযোগ করে বলেন, বিকেলে আম্মুকে খুঁজতে নতুন বাড়িতে গেলে সেখানে রাজমিস্ত্রি সাইফুলকে কাজ করতে দেখি। আম্মুর কথা জিজ্ঞেস করলে সাইফুল জানান যে, তিনি তার ফুফুর বাড়িতে গেছেন এবং আম্মুকে যেন টাকা দিতে বলি। কিন্তু ফুফুর বাড়িতে গিয়ে আম্মুকে না পেয়ে ফিরে এসে বোনের সহায়তায় ওই ঘরের বালু সরিয়ে আম্মুর মরদেহ উদ্ধার করি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)