রাজবাড়ীতে বজ্রাঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রঘাতে বন্যা বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা বেগম ওই গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে রাখতে যান বন্যা বেগম। এ সময় বাড়ির পাশের থাকা খেজুরের গাছে হঠাৎ বজ্রপাত হয়। তিনি সেখানেই ছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহত বন্যার স্বামী দিনমজুরের কাজ করেন। অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান।

মো. কবির হোসেন, রাজবাড়ী