হাওরে বজ্রাঘাতে জেলের মৃত্যু, আহ ৩
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার আরও তিনজন জেলে আহত হয়েছেন।
আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মহিষাসুরা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন- জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। আহত সবাই ঘটনার পর থেকে কানে কম শুনছেন বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, চারজন মৎস্যজীবী একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোরে হাওরে মাছ ধরার সময় বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রাঘাতে জেলে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা