লিগ্যাল এইডে ৩ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ সেবা
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে দেশের ৬৪ জেলায় মোট ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১৬৭ জন; দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।
এছাড়াও সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ৪ হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)