রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২
লক্ষ্মীপুরের রামগতিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে সেখান থেকে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা মূল্যের সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে গাঁজা বহনের দায়ে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে নগদ দুই হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মাদকদ্রব্য, অটোরিকশা ও নগদ অর্থসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরিফিন আসিফ, লক্ষ্মীপুর (কমলনগর-রামগতি)