বাজারে এসেছে সাতক্ষীরার হিমসাগর আম, বিদেশে রপ্তানিও শুরু
সাতক্ষীরার আম চাষিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রশাসনের নির্ধারিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী বাজারজাত শুরু হয়েছে জেলাটির সবচেয়ে জনপ্রিয় আম ‘হিমসাগর’। শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলার বাগানগুলোতে আনুষ্ঠানিকভাবে এই সুস্বাদু আম সংগ্রহের উৎসবে মেতেছেন চাষিরা।
বাজার ঘুরে দেখা গেছে, মৌসুমের শুরুতেই স্থানীয় বাজারে আমের চাহিদা তুঙ্গে। বর্তমানে প্রতি মণ হিমসাগর আম পাইকারি দরে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় চাষিদের মুখেও হাসি ফুটেছে।
সাতক্ষীরার আমের সুবাস এখন কেবল দেশের ভেতরেই নয়, পৌঁছে যাচ্ছে বিদেশের মাটিতেও। শহরের কুকরালী এলাকার আম চাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে শুক্রবার ইংল্যান্ড ও ইতালির উদ্দেশ্যে চার টন হিমসাগর আম রপ্তানি করা হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার আমের চাহিদা দিন দিন বাড়ছে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, বর্তমানে হিমসাগর আম পুরোপুরি পরিপক্ব এবং বাজারজাতকরণের জন্য উপযুক্ত। সরকারি সময়সূচি অনুযায়ী চাষিরা আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বিক্রি করতে পারবেন।
উল্লেখ্য, গত ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে জেলায় এ বছরের আম মৌসুম শুরু হয়। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর সাতক্ষীরা জেলায় মোট ৭০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় কৃষি বিভাগ।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)