আম পাড়তে গিয়ে গাছের মগডাল থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান সরদার ওই গ্রামের নাসির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় থাকা একটি আম গাছে উঠে আম পাড়ছিল রোমান। একপর্যায়ে গাছের মগডাল ভেঙে গেলে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় রোমানের মাথা নিচের দিকে থাকায় সে ঘাড় ও মাথায় গুরুতর আঘাত পায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা সোহেল রানা জানান, সকালে হঠাৎ দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে। একটি ছোট দুর্ঘটনায় এভাবে প্রাণের স্পন্দন থেমে যাবে, তা কেউ কল্পনা করতে পারেনি।
চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আম গাছের ডাল ভেঙে পড়ে শিশুটির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মো. কবির হোসেন, রাজবাড়ী