ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বাবা-ছেলে, ট্রাকে আগুন
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ