নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।
আজ রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ ক্যাডারের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিপিএম-সেবা’ পদকেও ভূষিত হন।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক