ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ঢাকা উত্তর সিটি নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে। কোনো জোটে যাবে না।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরীয়াতুল্লাহসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক