রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বিজয় সরণি মোড়সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে বাজারটিতে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক