প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. বি. এম. শাহরিয়ারসহ দুই জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়কর নথি জব্দের আদেশ পাওয়া অপর ব্যক্তি হলেন- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরের এটিএম বিভাগের কার্টোগ্রাফার আব্দুল সোবহানের স্ত্রী মিসেস সালমা।
আদালত সূত্রে জানা যায়, আজ আদালতে এ. বি. এম. শাহরিয়ারের আয়কর নথি জব্দের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। আবেদনে বলা হয়, আসামি শাহরিয়ার প্রায় ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এই একই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারকে অপরাধে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে শাহরিয়ারের সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দ ও পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
অন্যদিকে, অপর এক আবেদনে বেবিচক কর্মকর্তা আব্দুল সোবহানের স্ত্রী মিসেস সালমার আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহাবুব মোর্শেদ।
সেই আবেদনের বিবরণী থেকে জানা যায়, মিসেস সালমা ও তার স্বামী আব্দুল সোবহান পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ৪৬ লাখ ৫০ হাজার ৩৮৭ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া দুদকের কাছে আরও ১৯ লাখ ৩২ হাজার ৬৪ টাকার সম্পদের তথ্য গোপন করার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগে দুদকের দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদকের আবেদন দুটি মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট আয়কর অফিস থেকে উল্লিখিত ব্যক্তিদের নথিপত্র ও রেকর্ডপত্র জব্দ করার জন্য নির্দেশ প্রদান করেন।

আদালত প্রতিবেদক