শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।
পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে।
পরে, রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক