চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. মনিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আজ শুক্রবার (২২ মে) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় ওই শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে আটক মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের ওই শিশুকে ধর্ষণের এই ঘটনা ঘটে। শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন এবং বাবা পেশায় একজন রিকশাচালক। ঘটনার সময় দুপুরে শিশুটি বাসায় একা ঘুমাচ্ছিল। এই সুযোগে পাশের একটি দোকানের কর্মচারী মো. মনির তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিরকে আটক করে। তবে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ নিয়ে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ আসামিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মধ্যরাত পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এতে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে, গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম