হাসপাতালে ডায়রিয়া রোগীকে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ খাবার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নাস্তা হিসেবে প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালের রোগীদের খাবারে এমন চরম অবহেলা ও অনিয়মের চিত্র দেখে হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগী ও তাদের স্বজনেরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে, গত বুধবার (২০ মে) দুপুরে ডায়রিয়াজনিত কারণে নাচোল হাসপাতালে ভর্তি হন উপজেলার খেসবা গ্রামের মোস্তফার ছেলে মোবারক আলী। পরদিন বৃহস্পতিবার (২১ মে) সকালে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসাধীন মোবারককে সকালের নাস্তা হিসেবে ‘মিম বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি’র একটি পাউরুটির প্যাকেট দেওয়া হয়। প্যাকেটটি খোলার পর মোবারক দেখতে পান, সেটির গায়ে মেয়াদের তারিখ লেখা রয়েছে ১০ মে। অর্থাৎ, ২১ মে তারিখে পরিবেশন করা ওই পাউরুটির মেয়াদ আরও ১১ দিন আগেই শেষ হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি রুটিটি না খেয়ে নিজের কাছে রেখে দেন।
আরও পড়ুন: তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী
ভুক্তভোগী রোগী মোবারক আলী জানান, আমি মেয়াদোত্তীর্ণ পাউরুটিটি না খেয়ে নিজের কাছে রেখে দিই এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। কিন্তু ততক্ষণে হাসপাতালের অন্য অনেক রোগী ওই মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে ফেলেছেন। পরে জানতে পারি, অন্য রোগীদের দেওয়া কিছু পাউরুটির প্যাকেটে ১৭ মে এবং কোনোটিতে ১৬ মে মেয়াদের তারিখ লেখা ছিল। খবর জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে কিছু রোগীর কাছ থেকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ফেরত নেয়।
আরও পড়ুন: গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, তিনজন টেটাবিদ্ধসহ আহত ১২
এ বিষয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ অ্যান্ড এফপিও ডা. ফারহানা নবী বলেন, একজন রোগী বিষয়টি আমাকে অবহিত করার পরপরই আমি পদক্ষেপ নিয়েছি। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে ইতোমধ্যে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকারি হাসপাতালে রোগীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন খাবার পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: অসহায়দের দেওয়া হলো পঁচা-দুর্গন্ধযুক্ত সরকারি চাল
উল্লেখ্য, এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ গত বুধবার সকালেই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহা. মিজানুর রহমান নাচোল হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খাবারের মান যাচাই-বাছাই করেন। এর পরের দিনই রোগীদের এমন মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ খাবার সরবরাহের ঘটনায় সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)