জয়পুরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ১২৮
জয়পুরহাটে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় শহরের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন বয়সের ৮৮ জন রোগী। আগের ভর্তি হওয়া রোগীদেরসহ বর্তমানে হাসপাতালটিতে মোট ১২৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়রিয়া রোগীদের জন্য দুটি কেবিনসহ মোট ৪২টি শয্যা রয়েছে। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককেই হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) ডায়রিয়া আক্রান্ত ৫৯ জন রোগী ভর্তি ছিলেন। শনিবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২ জনে। আর রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২৮ জন।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের মধ্যে দূষিত পানি ও বাসি-পচা খাবার খাওয়ার কারণে ডায়রিয়ার সংক্রমণ বেড়েছে। এ পরিস্থিতিতে পানি ফুটিয়ে পান করা এবং খাবারের বিষয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, বাইরের যত্রতত্র খাবার খাওয়ার কারণে এ রোগের সংক্রমণ হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট