জয়পুরহাটে শসা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া এলাকায় একটি শসা ক্ষেত থেকে সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিব উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষা করতে জমির চারপাশে তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ রেখেছিলেন। শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে শসা ক্ষেতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে সাকিবের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)