রেললাইনের পাশে বৃদ্ধার পা বিচ্ছিন্ন মরদেহ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের খবরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের বাম পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণামতে, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হতে পারেন।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি রেলওয়ে (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ