রাজধানী ছাড়ছে মানুষ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। দীর্ঘ এই ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ।
সড়ক, নৌ ও রেলপথ—সবখানেই বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অতিরিক্ত যাত্রীর ভিড়ের মধ্যেও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর প্রবেশপথগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে।
আজ ভোর থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী ও টঙ্গী এলাকায় ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল সড়কেও পরিবহনের সংখ্যা বেশি। দুই জায়গার বিভিন্ন স্থানে থেমে থেমে যান চলাচল করছে। একই চিত্র ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও। দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলগামী পরিবহনে যাত্রীচাপ তুলনামূলক বেশি থাকায় বাস কাউন্টারগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
অনেক যাত্রী অভিযোগ করেছেন, অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন কিছু পরিবহন মালিক ও শ্রমিক।

নিজস্ব প্রতিবেদক