শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে গরিব, অসহায় মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগনেতা হাজি আব্দুস সাত্তার। তার এ মাংস বিতরণ ও দোয়া মাহফিল নিয়ে শহরে ব্যাপক আলোচনা হচ্ছে।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে শহরের বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুই শতাধিক গরিব অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার। তিনি কার্যক্রম নিষিদ্ধ সিরাজগঞ্জ পৌর সভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তিনটি কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষ ও গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। আজকের এই মাংস বিতরণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা।’
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি কায়সার পারভেজ কাজল উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ