সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক
সুন্দরবন থেকে অস্ত্র-গুলি ও বন্য প্রাণী শিকারের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ দুর্ধর্ষ বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’র এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানকালে দস্যুদের একটি আস্তানাও ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল ও ১টি কাঠের বোট জব্দ করা হয়।
পরবর্তীতে আটক দস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বাগেরহাটের মোড়েলগঞ্জের পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও দস্যুতা ও বন্য প্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক বনদস্যুর নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

আবু হোসাইন সুমন, মোংলা