রামিসা হত্যা : সোহেলের পক্ষে দাঁড়ানোর ব্যাখ্যা দিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিদের পক্ষ নেওয়ার ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন সোহেল ও স্বপ্নার আইনজীবী মূসা কালিমুল্লাহ। তাকে মূলত রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে। সরকার থেকে তিনি এই মামলার বিল পাবেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) মূসা কালিমুল্লাহ শুনানি শেষে বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি দেশজুড়ে আলোচিত। এ মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনো আসামির পক্ষে আইনজীবী না থাকলে রাষ্ট্রের দায়িত্ব হয় একজন আইনজীবী নিয়োগ দেওয়া, যেন বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।
মূসা কালিমুল্লাহ বলেন, এ ধরনের চাঞ্চল্যকর মামলার বিচার সম্পন্ন করতে আসামিপক্ষের একজন আইনজীবী থাকা অত্যাবশ্যক। যেহেতু আসামিদের কোনো আইনজীবী ছিল না, তাই সরকার আমাকে নিয়োগ দিয়েছে। আমার দায়িত্ব ছিল আসামিদের আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য বা যুক্তি থাকলে তা আদালতের সামনে উপস্থাপন করা।
এই আইনজীবী আরও বলেন, আসামিরা আদালতে জানিয়েছেন তারা কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না। এতে প্রতীয়মান হয়, আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের কাছে কোনো প্রমাণ নেই। এছাড়া প্রধান আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত আইনজীবী হিসেবে তার ভূমিকা ছিল কেবল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে আইনের বিধান অনুযায়ী আসামিপক্ষকে প্রতিনিধিত্ব করা।

আদালত প্রতিবেদক