ভোক্তা অধিকার আইন সংশোধন করা হবে : মহাপরিচালক
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক আহম্মেদ বলেন, বর্তমান আইনের পরিধি আরও বিস্তৃত করা হবে এবং যেসব বিষয় এখনো আইনের আওতায় নেই, সেগুলো নতুন সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হবে।
ফারুক আহম্মেদ বলেন, অনলাইন ও ই-কমার্সভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অনেক ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ৮ জুনের মধ্যে সংশোধিত আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও তিনি জানান।
ফারুক আহম্মেদ আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ের ভোক্তা অধিকার কমিটিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক নয়ন কুমার সাহা।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরেন রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, সহকারী পুলিশ সুপার (রাজবাড়ী সদর সার্কেল) মো. শাহেদুল ইসলাম, জেলার বিভিন্ন বাজার ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মো. কবির হোসেন, রাজবাড়ী