ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর বা বিকেলে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী— রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কারণে দেশের অভ্যন্তরীণ নৌযান ও সাধারণ যাত্রীদের সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে উল্লিখিত ১৯টি অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এনটিভি অনলাইন ডেস্ক