বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়কে অতিরিক্ত ওজনের কারণে বালুবাহী ট্রাকসহ গোয়াতলা বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। আজ রোববার (৭ জুন) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বর্তমানে বিকল্প পথ ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় অবস্থিত এই বেইলি ব্রিজটি দিয়ে ভোরে একটি অতিরিক্ত ওজন বোঝাই বালুবাহী ট্রাক পার হচ্ছিল। এসময় ব্রিজটি ট্রাকসহ ধসে নিচে পড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন শেষে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন জানান, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলের কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় ১০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বেইলি ব্রিজটি নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় থাকায় গত তিন দিন ধরে ব্রিজটির মেরামত কাজ চলছিল। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ওজনের ট্রাক ওঠায় এটি ভেঙে পড়ে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার এবং ব্রিজটি দ্রুত মেরামত করে পুনরায় যান চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাময়িকভাবে সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ