জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও পানি বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানী পুরান ঢাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রোববার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে এলাকার শতাধিক অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে দুপুরের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে ছাত্রদল নেতা মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তিনি বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন মূলত শহীদ জিয়ার সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে তার প্রদর্শিত স্বনির্ভর ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।

নিজস্ব প্রতিবেদক