মধুমতি নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু ফাতেমা
গোপালগঞ্জের মধুমতি নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের সন্ধান মেলেনি ১৮ ঘণ্টাতেও। গতকাল রোববার (৭ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল দক্ষিণপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা ওই গ্রামের শুকুর আলী মোল্লার মেয়ে।
ফায়ার সার্ভিস জানায়, গোপালগঞ্জে স্থানীয় কোনো ডুবুরি দল না থাকায় ফরিদপুর থেকে ডুবুরি এনে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়। এর সঙ্গে নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ফলে এখনও পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, রোববার দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। বিকেল ৪টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তাদের ডুবুরি দল এনে উদ্ধার কাজ শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। স্রোতের কারণে নির্দিষ্ট স্থান শনাক্ত করা না গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রলার নিয়ে তল্লাশি অব্যাহত রাখা হয়। তবে রাত গভীর হওয়ায় সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছিল।
উদ্ধারকাজে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি মোহাম্মদ শাহিন আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে খবর পেয়ে তারা ফরিদপুর থেকে দ্রুত রওনা হন। গোপালগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তাদের এক ঘণ্টারও বেশি সময় লাগে। নদীর তলদেশে অনেক গাছের গুঁড়ি এবং তীব্র স্রোত থাকায় নিখোঁজ শিশুটি কিছুটা দূরে ভেসে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে রোববার উদ্ধার কাজ শেষ করা না গেলেও আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ