স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ল নারী চিকিৎসকের ওপর!
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত সিলিং ফ্যান খুলে ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসকের কাঁধের ওপর পড়েছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হলেও অল্পের জন্য মাথায় আঘাত পাওয়া থেকে বেঁচে গেছেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে কর্মরত অবস্থায় বিশ্রামের জন্য ডা. ফৌজিয়া মোস্তফা রেস্টরুমে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে মাথার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক সিলিং ফ্যানটি বিকল হয়ে সরাসরি তার ওপর খুলে পড়ে। এতে তার কাঁধে মারাত্মক আঘাত লাগে। ফ্যানটি সরাসরি মাথায় না পড়ায় তিনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান। ঘটনার পর থেকে হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে অবস্থানের সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সিলিং ফ্যানটি খুলে আমার গায়ে এসে পড়ে। ভাগ্য ভালো ফ্যানটি আমার মাথায় পড়েনি, তবে কাঁধে তীব্র আঘাত পেয়েছি। হাসপাতালজুড়ে আরও যেসব জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম রয়েছে, সেগুলো অবিলম্বে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ ক্ষোভ প্রকাশ করে জানান, হাসপাতালের ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে জরাজীর্ণ বৈদ্যুতিক সংযোগ ও অবকাঠামোগত ঝুঁকির বিষয়ে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বারবার জানানো। তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এসব ঝুকিপূর্ণ সরঞ্জাম দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে যেকোনো সময় আরও বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর