রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ সোমবার (৮ জুন) দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। এতে মালিবাগ-রামপুরা-বাড্ডা রুটে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, দুপুরের দিকে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টসের’ শ্রমিকরা চাকরিচুত্যির প্রতিবাদে এই বিক্ষোভে নামেন। তাদের দাবি, ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খেটে এই কারখানা সচল রেখেছি। কিন্তু আমাদের চাকরিচ্যুত করা হলো। পরিবার নিয়ে আমরা কোথায় যাব, কী খাব- সেই অনিশ্চয়তায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ সময় শ্রমিক ছাঁটাই চলবে না জানিয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরায় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক