পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে অবশেষে দেশজুড়ে স্বস্তির বার্তা নিয়ে আসছে আষাঢ়ের আগাম বর্ষা। টেকনাফ থেকে সিলেট হয়ে দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলে ইতোমধ্যেই পা রেখেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই মৌসুমী বায়ু পুরো দেশে বিস্তার লাভ করবে। এর ফলে উত্তর ও পশ্চিমাঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহের দাপট ভেঙে গিয়ে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে টানা বৃষ্টিপাত।
আজ মঙ্গলবার (৯ জুন) আগামী ৫ দিন তথা পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জািনয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার (১০ জুন) থেকে বৃষ্টির আওতা আরও বাড়বে। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) থেকে দেশের উত্তর ও পূর্বাঞ্চল তথা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি ছড়িয়ে পড়বে।
সবচেয়ে বেশি বৃষ্টির আভাস রয়েছে আগামী ১২ জুন (শুক্রবার)। এদিন খুলনা বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অধিকাংশ বা অনেক জায়গায় একযোগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, এই ৫ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। ৫ দিন পরবর্তী সময়ে বৃষ্টির এই প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে এক ধরনের গুমোট ও তপ্ত আবহাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার এই তাপপ্রবাহ কিছুটা বিস্তার লাভ করতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে স্বস্তির খবর হলো, আজ গরম কিছুটা বাড়লেও আগামীকাল বুধবার (১০ জুন) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে। বৃষ্টির বেগ বাড়ার কারণে চলমান এই মৃদু তাপপ্রবাহ দেশের বেশ কিছু এলাকা থেকে প্রশমিত বা দূর হতে শুরু করবে। আগামী ১২ জুন (শুক্রবার) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একযোগে সামান্য হ্রাস পাবে, যার ফলে দেশজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমে আসবে।
আজ রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় বৃষ্টির আগ পর্যন্ত নাগরিকদের কিছুটা অস্বস্তিকর গরমে ভুগতে হতে পারে। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সূর্যোদয় হবে।

এনটিভি অনলাইন ডেস্ক