ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধিদল
চীনের ইউনান প্রদেশের উদ্দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ বুধবার (১০ জুন) চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনস যোগে বেলা ২টার ফ্লাইটে চীনের ইউনানের কুনমিং -এর উদ্দেশে যাত্রা করছে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত নারী আসনের জেসমিন সুলতানা।
প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান ঢাকাস্থ চায়নার রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার সপ্তম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রতিনিধিদলটি দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলয়ন অংশ নিবে। বাংলাদেশের বানিজ্য মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বানিজ্য মেলা উদ্বোধন করবেন।
এছাড়া দুই দিনব্যাপী কুনমিং এ ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সাথে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিবেন ডেপুটি স্পীকার। আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফিরে আসবে।

নিজস্ব প্রতিবেদক