বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় বিপাকে বৃদ্ধ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর–রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে সাতজনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ (পুশইন) করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে ছয়জন ভারতে ফিরে গেলেও একজন বৃদ্ধ এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। অনাহারে থাকা ওই বৃদ্ধের অমানবিক পরিস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) ভোর রাতে উপজেলার কামালপুরের রামরামপুর সীমান্তে আন্তর্জাতিক ১০৮২ নম্বর পিলারের কাছ দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় তারা। তবে এক বৃদ্ধ শূন্যরেখায় আটকা পড়ে যান।
স্থানীয়দের দাবি, বৃদ্ধ ব্যক্তি অনাহারে ও চরম অসহায় অবস্থায় রয়েছেন। তিনি যেদিকেই যাওয়ার চেষ্টা করছেন, সেদিক থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে পুশইনের চেষ্টার ঘটনায় বুধবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ পুশইনের চেষ্টা করেছিল। আমরা ফেরত পাঠিয়েছি। তবে বৃদ্ধ লোকটি এখনও শূন্যরেখায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)