পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
মাদারীপুরে পিকআপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে আসছিল ইজিবাইকটি। পথিমধ্যে তাতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর