দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত বা বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। তিনি বলেন, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজ সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এর আগে এদিন বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চান, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বৈধ করার কোনো উদ্যোগ রয়েছে কি না।
জবাবে সড়ক পরিবহণমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যভাণ্ডার অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। তিনি আরও জানান, যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএর নিবন্ধন পায়নি, সেগুলোর মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে নিবন্ধন নম্বর প্রদানসহ বৈধতার ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক