নারায়ণগঞ্জে শপিংমলে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শপিংমল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিং মলের নিচতলার ফায়ার ইকুইপমেন্ট (অগ্নি নির্বাপণ সরঞ্জাম) রুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার, তারসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মার্কেটে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শপিংমলের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট থেকে দোকানদারদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মালিক পক্ষ পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
তবে ব্যবসায়ীদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মার্কেট মালিক নবী হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারপরও প্রকৃত কারণ ও সঠিক ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে আমরা ইঞ্জিনিয়ার ডেকেছি। তদন্ত সাপেক্ষেই পুরো বিষয়টি পরিষ্কার বলা যাবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)