সেচ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের জন্য ব্যবহৃত মোটরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের ঘোষ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তাদের আট বছর বয়সী ছেলে রাহুল চন্দ্র ঘোষ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুলাল চন্দ্র ঘোষসহ কয়েকজনের যৌথ মালিকানাধীন একটি পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি সেচ করা হচ্ছিল। ঘটনার সময় শিশু রাহুল খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সেচের মোটরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলের চিৎকার শুনে তাকে বাঁচাতে দ্রুত ছুটে যান মা অঞ্জনা রানী ঘোষ। তিনি ছেলেকে উদ্ধার করার চেষ্টা করলে নিজেও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)